৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি

ঢাকার ধামরাইয়ে জিনলিয়ান ইলেকট্রনিক্স টেকনোলজি বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান থেকে ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)।

গতকাল রবিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কমিশনারের নির্দেশনায় গত ১৭ সেপ্টেম্বর ধামরাইয়ের নবগ্রামে জিনলিয়ান ইলেকট্রনিক্স টেকনোলজি বাংলাদেশ কো. লিমিটেড প্রতিষ্ঠানে প্রিভেন্টিভ অভিযান পরিচালনা করা হয়।

এনবিআর জানায়, প্রতিষ্ঠানটি লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারক হিসেবে নিবন্ধিত। তবে অভিযানের সময় সেখানে প্রস্তুতকৃত ব্যাটারি, ব্যাটারি তৈরির কাঁচামাল ও সরঞ্জামের পাশাপাশি আমদানিকৃত মোবাইল চার্জার, বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন ও ব্লুটুথ হেডফোন সরবরাহের জন্য প্রস্তুত অবস্থায় পাওয়া যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় প্রাথমিকভাবে মূসক ফাঁকির আলামত পাওয়া গেলে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য মূসক-১২.৩ ফরমের মাধ্যমে প্রতিষ্ঠানে রক্ষিত বিভিন্ন দলিলাদি জব্দ করা হয়।

এনবিআর জানায়, জব্দকৃত দলিলাদি পর্যালোচনায় দেখা যায়, প্রতিষ্ঠানটি ১৪ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০৭ টাকার বিক্রয় তথ্য গোপন করেছে। এতে মূসক ফাঁকির পরিমাণ পাওয়া যায় ১ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৮৯২ টাকা। এ ছাড়া ১৫ কোটি ২২ লাখ ৮ হাজার ৭৭৫ টাকার পণ্য ও কাঁচামাল কেনার তথ্য গোপন করার প্রমাণও পাওয়া গেছে। যার মাধ্যমে আরও ১ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ১৬১ টাকার ভ্যাট ফাঁকি দেওয়া হয়।

সব মিলিয়ে প্রতিষ্ঠানটির মোট ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটিত হয়েছে। সরকারি পাওনা আদায়ে আইন ও বিধি অনুযায়ী দ্রুত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।