এশিয়াডে হতাশার একদিন বাংলাদেশের

এশিয়ান গেমসে পদক জয়ের ধারাবাহিকতা রয়েছে বাংলাদেশের কেবল ক্রিকেটের। সেই ধারাবাহিকতায় স্বর্ণ ও রৌপ্য খুইয়ে এবার মেয়ে ক্রিকেট দল খেলবে ব্রোঞ্জপদকের জন্য। অন্য খেলাগুলোতেও হতাশার চিত্র লাল সবুজদের। রবিবার পাঁচটি ডিসিপ্লিনে অংশ নেন বাংলাদেশের ক্রীড়াবিদরা।

টেবিল টেনিসে করুণ চিত্র

পুরুষ দলগত বিভাগের ম্যাচে কাজাখস্তানের কাছে সরাসরি ৩-০ সেটে হেরেছে বাংলাদেশ। কাজাখস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচে খেলতে নামেন মোহতাসিন আহমেদ হৃদয়। তবে প্রতিপক্ষের সামনে দাঁড়াতে পারেননি তিনি। সরাসরি ০-৩ সেটে পরাজিত হন হৃদয়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হয়ে লড়াই করেন ইমরুল ইমন। কিন্তু তিনিও প্রতিপক্ষের কাছ থেকে কোনো সেট আদায় করতে পারেননি। ০-৩ সেটে হেরে যান তিনি। তৃতীয় ম্যাচে বাংলাদেশের রামহীম বম লিয়নের সামনেও একই চিত্র দেখা যায়। কাজাখস্তানের খেলোয়াড়ের বিপক্ষে ০-৩ সেটে হেরে যান তিনি। ফলে তিনটি ম্যাচেই বাংলাদেশ পরাজিত হওয়ায় পুরুষ দলগত বিভাগে কাজাখস্তানের কাছে ৩-০ ব্যবধানে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

অন্যদিকে মেয়েদের বিভাগেও ছিল একই দৃশ্য। চাইনিজ তাইপের বিপক্ষে সরাসরি ৩-০ সেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

সাঁতারে হিটেই বাদ মুক্তি

এশিয়ান গেমসের সাঁতারেও বাংলাদেশের শুরুটা হলো হতাশায়। নারীদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে হিট থেকেই বিদায় নিয়েছেন বাংলাদেশের মুক্তি খাতুন। নিজের হিটে ৩৬.৬১ সেকেন্ড সময় নিয়ে আট প্রতিযোগীর মধ্যে সপ্তম হন মুক্তি। ফলে হিট পর্ব পেরিয়ে পরের ধাপে যাওয়ার সুযোগ পাননি বাংলাদেশের এই সাঁতারু। আইচি-নাগোয়ায় এশিয়ান গেমসের প্রথম দিনেই সাঁতারের পুলে নেমেছিলেন মুক্তি খাতুন। তবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেও তিনি হিটে কাক্সিক্ষত অবস্থান অর্জন করতে পারেননি। ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে দ্রুততম সাঁতারুদের সঙ্গে লড়াই করে পরের ধাপে যাওয়ার লক্ষ্য ছিল বাংলাদেশের। কিন্তু ৩৬.৬১ সেকেন্ড সময় নিয়ে সপ্তম হওয়ায় সেই লক্ষ্য পূরণ হয়নি। ফলে এশিয়ান গেমসের প্রথম দিনেই সাঁতার থেকে বাংলাদেশের অভিযান শেষ হলো মুক্তি খাতুনের হিট পর্বেই।

ফাইনালে উঠতে ব্যর্থ তিন নারী শুটার

বাংলাদেশের তিন নারী শুটার বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছেন। নারীদের ১০ মিটার এয়ার রাইফেলের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশের কেউই ফাইনালে উঠতে পারেননি। আইচি প্রিফেকচারাল জেনারেল শুটিং গ্যালারিতে অনুষ্ঠিত এই ইভেন্টে অংশ নেন বাংলাদেশের শাফা বিন শাহেদ, সাজিদা হক ও মেহনাজ শারমিন। ৫৫ জন প্রতিযোগীর মধ্যে শাফা বিন শাহেদ ৬২১ স্কোর করে ৩৮তম স্থান অর্জন করেন। সাজিদা হক ৬২০.৬ স্কোর নিয়ে ৪০তম হন। আর মেহনাজ শারমিন ৬১৯.১ স্কোর করে ৪৬তম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেন।

হকিতে মেয়েরা চীনের কাছে বিধ্বস্ত

এশিয়ান গেমসে মেয়েদের হকিতে চীনের কাছে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। ১৩-০ গোলে হেরেছে তারা। প্রথম কোয়ার্টারে ৪-০, দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে থাকে ৭-০ গোলে, তৃতীয় কোয়ার্টারে ১১-০ গোলে এবং শেষ কোয়ার্টারে আরও দুই গোল দিয়ে শেষে চীন ১৩-০ গোলে ম্যাচ জিতে নেয়। চীনের মেয়েদের সামনে দাঁড়াতেই পারেননি লাল সবুজের মেয়েরা।