বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে আইকাওয়ের অভিনন্দন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হিসেবে পূর্ণ দায়িত্ব গ্রহণ করায় এম রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)।

১৬ সেপ্টেম্বর পাঠানো এক চিঠিতে আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট তোশিয়ুকি ওনুমা ও মহাসচিব হুয়ান কার্লোস সালাজার বিমানমন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান।

একই সঙ্গে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।

চিঠিতে আইকাওয়ের শীর্ষ দুই কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের আরও উন্নয়ন এবং এ খাতের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে আইকাওয়ের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের উন্নয়ন, নিরাপদ বিমান চলাচল নিশ্চিতকরণ এবং এ খাতের নিরাপত্তাব্যবস্থা জোরদারে আইকাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংস্থাটি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের মান ও সুপারিশকৃত বিধিমালা প্রণয়ন এবং সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিমান চলাচল খাতের উন্নয়নে কাজ করে।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন, বিমানবন্দর অবকাঠামোর আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপত্তাব্যবস্থা জোরদারে আইকাওয়ের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

চিঠিতে বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের নতুন দায়িত্বে সর্বাত্মক সাফল্য কামনা করেন আইকাওয়ের কাউন্সিলের প্রেসিডেন্ট ও মহাসচিব।