জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সদস্য সচিব শামসুল আরেফীন ও যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শাখা ছাত্রদলের অবস্থান কর্মসূচি চলার সময়ে দুই পক্ষের মধ্যে বাগবিত-া হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ইমরান হাসান ইমন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন সাইফ, লোক প্রশাসন বিভাগের ইমন ও প্রান্ত, ইংরেজি বিভাগের আব্দুল্লাহ শেখ আসিফসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক ভবনের তৃতীয় তলায় ‘শিক্ষা ভাবনা, ওরিয়েন্টালিজম এবং চিন্তার মৌলিকত্ব’ বিষয়ে পাঠচক্র আয়োজন করেন সদস্য সচিব শামসুল আরোফিন। এর পরিপ্রেক্ষিতে ফেসবুকে তীব্র সমালোচনা করে পোস্ট দেয় যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিক। ক্যাম্পাস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া নেতিবাচক পোস্টকে কেন্দ্র করেই মূলত দুপক্ষের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে
উল্লেখ্য, এর আগেও গত ১৬ সেপ্টেম্বর ছাত্রদলের নবীনবরণের কনসার্ট শেষে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় সংগঠনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ছাত্রদলের ৮ নেতাকর্মীকে বহিষ্কার : সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আট নেতাকর্মীকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রবিবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য মো. ইসরাফিল ইসলাম রাফি, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন ইমন, মনিরুজ্জামান মনির এবং মো. সৌরভুর রহমান সুজন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাদের সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।