২০০৭ সালের শুরুর দিকে সুপ্রিম কোর্টে অফিস সহকারী পদে চাকরি নেন মোহাম্মদ গোলাম মাওলা। ১৯ বছর পর তার বিরুদ্ধে জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। এমন গুরুতর অভিযোগে গোলাম মাওলার বিরুদ্ধে ২০২১ সালে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় চলতি বছরের ২১ জানুয়ারি তাকে অফিস সহকারী পদের চাকরি হতে অপসারণ করা হয়। এমন পরিস্থিতিতে ২০০৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত নেওয়া বেতন-ভাতার ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা আগামী ৩০ দিনের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সংশ্লিষ্ট বিষয়ে গত ১৭ সেপ্টেম্বর অফিস আদেশ জারি করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ (সাধারণ ও সংস্থাপন শাখা)।
এ অফিস আদেশে গোলাম মাওলাকে উদ্দেশ করে বলা হয়, আপনি জাল জালিয়াতির মাধ্যমে সৃজিত শিক্ষাগত যোগ্যতার সনদের ভিত্তিতে অত্র কোর্টের অফিস সহকারী পদে চাকরি নিয়েছেন। ফলে চাকরিকালে দায়ের করা বিভাগীয় মামলায় আপনার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় রুলস অনুযায়ী চলতি বছরের ২১ জানুয়ারি আপনাকে চাকরি থেকে অপসারণ করা হয়। আপনার চাকরি শুরু থেকেই বাতিল মর্মে গণ্য হয়। সে হিসেবে আপনি আপনার চাকরিকালে কোনো বেতন-ভাতাদি প্রাপ্য হন না। অফিস আদেশে তার বিরুদ্ধে আরও বলা হয়েছে, ২০০৭ সালের ৩১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিকালে মোট ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা বেতন-ভাতাদি ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।