যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের কনকর্ড পাবলিক লাইব্রেরি থেকে ১৮৯৪ সালে ধার নেওয়া একটি ম্যাগাজিন ১৩২ বছর পর আবার সেই লাইব্রেরিতে ফিরেছে। এটি ১৮৯৪ সালের সেপ্টেম্বর সংখ্যার ‘দ্য সেঞ্চুরি ইলাস্ট্রেটেড মান্থলি ম্যাগাজিন’। চলতি সেপ্টেম্বরের শুরুতে ৮৪ বছর বয়সী জন হ্যানসন ম্যাগাজিনটি ফেরত দেন।
ম্যাগাজিনটি কীভাবে তার কাছে এসেছিল, হ্যানসন নিজেও তা নিশ্চিতভাবে জানেন না। ১৯৬৬ সালে বাড়ি বদলের সময় তার জিনিসপত্রের মধ্যে এটি দেখতে পান। এরপর কয়েক দশক তার বইয়ের তাকেই ছিল। ম্যাগাজিনটিতে কনকর্ড পাবলিক লাইব্রেরির চিহ্ন এবং এক সপ্তাহ রাখার নির্দেশনা ছিল।
সম্প্রতি লাইব্রেরির এক বছরের জরিমানা মওকুফ কর্মসূচির খবর দেখে হ্যানসন সেটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন। ৪৮,২২০ দিন ফেরত না দেওয়ায় প্রচলিত হিসাবে সম্ভাব্য জরিমানার পরিমাণ দাঁড়াত ১২ হাজার ৫৫ ডলার। তবে জরিমানা মওকুফ কর্মসূচির কারণে তাকে কোনো অর্থ দিতে হয়নি।
‘দ্য সেঞ্চুরি’ ছিল উনিশ শতকের শেষভাগের একটি প্রভাবশালী মার্কিন সাময়িকী, যেখানে সাহিত্য, ইতিহাস, কবিতা, প্রবন্ধ ও সমসাময়িক বিষয় প্রকাশিত হতো। ম্যাগাজিনটিতে মার্ক টোয়েন ও হেনরি জেমসের মতো লেখকের রচনার অংশও প্রকাশিত হয়েছিল। লাইব্রেরি জানিয়েছে, ম্যাগাজিনটি আর সাধারণ পাঠকের জন্য ধার দেওয়া হবে না। এটি সংরক্ষণ করে কনকর্ড রুমে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
সূত্র : কনকর্ড মনিটর, এনবিসি নিউজ