ভোলায় অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিনের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভোলা সদর উপজেলার পরাণগঞ্জে নাজিউর রহমান কলেজের সামনে ভোলা-ইলিশা সড়কে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকায় যান চলাচল ব্যাহত হয়।

অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। কর্মসূচিতে পরাণগঞ্জ কবি মোজাম্মেল হক মহিলা কলেজ, হালিমা খাতুন গার্লস স্কুল, পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও পরাণগঞ্জ দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

বক্তারা বলেন, রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে ভোলার মনপুরা উপজেলা মডেল জামে মসজিদে এশার নামাজ আদায় শেষে অধ্যক্ষ মো. মহিউদ্দিনের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন নাজিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক মো. হেলাল উদ্দিন, কামাল হোসেন শাহীন ও জুন্নু রায়হান, কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. ইউছুফ, কাচিয়া ইউনিয়ন বিজেপির সহসভাপতি আলমগীর মেম্বার, পরাণগঞ্জ কবি মোজাম্মেল হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেম, হালিমা খাতুন গার্লস স্কুলের প্রধান শিক্ষক টিপু সুলতান, পরাণগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. বেলায়েত হোসেন এবং ছাত্রনেতা মাহি, সুমন ও মনজুসহ অনেকে।

একপর্যায়ে বিক্ষোভকারীরা ভোলা-ইলিশা সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কে যান চলাচল শুরু হয়।