তজুমদ্দিনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

ভোলার তজুমদ্দিনে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চর মোজাম্মেল এলাকায় চার ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়।

এ সময় তাদের আস্তানা থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা ও ফাঁকা কার্তুজ, ধারাল অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন চর মোজাম্মেল এলাকার আলমগীর, আব্বাস মাঝি ও আলমগীর মাঝি।

কোস্ট গার্ড সূত্র জানায়, চর মোজাম্মেল এলাকায় একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা (দক্ষিণ জোন) থেকে একটি দল অভিযান চালায়। ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলা অভিযানে সন্দেহভাজনদের আস্তানায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ ও চারটি দেশীয় ধারাল অস্ত্র। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। কোস্ট গার্ডের দাবি, আটক তিনজন দীর্ঘদিন ধরে ভোলার বিভিন্ন চরাঞ্চলে ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তজুমদ্দিন থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি বলেন, চরাঞ্চল ও উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।