গোপালগঞ্জ সদর উপজেলার তালা জগারচর এলাকায় পূর্ব শত্রুতার জেরে মুক্তিযোদ্ধা লেয়াকত আলী শিকদারের জমিতে ফলন্ত গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।এতে তার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী মুক্তিযোদ্ধার পূত্রবধু লিপি বেগম।
এ ঘটনার প্রেক্ষিতে লিপি বেগম গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে তিনি আসামি হিসেবে তালা জগারচর এলাকার লিটু সিকদার (৫০), সাগর সিকদার (২৫) ও ফারুক সিকদারের (৫০) এর নাম উল্লেখ করেছেন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয় গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে তালা জগারচর এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা লেয়াকত আলী শিকদারের জমিতে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রবেশ করেন। এ সময় জমিতে থাকা ফলন্ত কলাগাছ, মেহগনি, সুপারি, শিরীষ, আমগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে।
এতে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগে আরও বলা হয়, লিপি বেগমের দুই জা সাদিয়া বেগম ও মৌসুমী বেগম ঘটনাটি দেখতে পেয়ে ঘটনাস্থলে এগিয়ে গেলে অভিযুক্তরা তাদের ভয়ভীতি ও হুমকি দেন।
পরে তারা ঘটনাস্থল থেকে চলে যান।লিপি বেগম অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্তদের সঙ্গে তাদের পূর্বশত্রুতা রয়েছে। সেই শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে জমিতে প্রবেশ করে গাছ কেটে ক্ষতি করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে প্রতিপক্ষের ফোরকান সিকদারের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।