নাশকতা করলে কঠোর হাতে দমন করা হবে জানালেন প্রতিমন্ত্রী

রাজনৈতিক অস্থিতিশীলতা, নাশকতা কিংবা জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো চেষ্টা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কোনো ধরনের প্রতিহিংসার রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। তবে নতুন করে অগ্নিসন্ত্রাস ও সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত হলে কঠোর হাতে তা দমন করা হবে।

কর্মকর্তাদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে শেখ ফরিদুল ইসলাম বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সংরক্ষিত নারী সংসদ সদস্য সাবিরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় জেলার সার্বিক পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

সভা শেষে জেলা মন্ত্রী হিসেবে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম যশোরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনা দেন। একই সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর নিয়মিত তদারকি এবং যথাসময়ে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।