চট্টগ্রামে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার মামলায় মো. হাবিবুল্লাহ ওরফে হাবিব (৩৭) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৮ এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. হাবিবল্লাহ ওরফে হাবিব পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ধানীসাফা ইউনিয়নের সাফা বাজার মাওলানা তাজাম্বার আলী হাওলাদার বাড়ির চুন্নু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
জানা গেছে, ২০২১ সালের ১৯ জুন নগরের পশ্চিম মোহরা শিল্পনগরী এলাকার মেহরাজ খান চৌধুরী ঘাট এলাকায় অভিযান চালিয়ে দুটি এলজি ও তিন রাউন্ড কার্তুজসহ হাবিবুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে ২০২১ সালের ২৩ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।