সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের সজিব হোসেন (২৫) নামের এক যুবক নৌকা থেকে বড়াল নদীর পানিতে পড়ে গিয়ে ডুবে মারা গেছেন। তিনি ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের আব্দুল মজিদের ছেলে সজিব হোসেন (২৫) নৌকাযোগে বাঘাবাড়ীঘাটে যাওয়ার সময় হঠাৎ নৌকা থেকে বড়াল নদীর পানিতে পড়ে ডুবে যান। এ সময় প্রচণ্ড স্রোতে তিনি পানিতে ডুবে নিখোঁজ হয়।
স্থানীয়রা তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে বাঘাবাড়ী নৌ ফায়ার সার্ভিস ও শাহজাদপুর উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খোঁজাখুঁজি শুরু করে। তারাও ব্যর্থ হয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। এদিন বেলা ১১টার দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীর তলদেশ থেকে নিহত সজিবের লাশ উদ্ধার করে।
এ লাশ উদ্ধারের সময় নদীর দুই পাশে শত শত উৎসুক জনতা ভিড় জমায়। এ সময় নিহতের স্বজন ও পরিবারের লোকজনের কান্না ও আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা ফায়ার সার্ভিসের পরিদর্শক পারভেজ আহমেদ জানান, আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করি। না পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিই। তারা এসে আধা ঘণ্টার চেষ্টার পর নিহতের লাশ নদী থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।