বিজিসিসিআইয়ের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) এর ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় রাজধানীর ‘দ্য ওয়েস্টিন ঢাকা’ হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজিসিসিআইয়ের সভাপতি মো. রোকনুজ্জামান, এফসিএ সভায় সভাপতিত্ব করেন। বক্তব্যে তিনি বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প-সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জার্মান বিনিয়োগকারীদের নির্ভরযোগ্য বাংলাদেশি অংশীদারদের সঙ্গে সংযুক্ত করা, বাজারে প্রবেশে সহায়তা দেওয়া এবং সদস্যদের জন্য অর্থবহ ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করতে বিজিসিসিআই প্রতিশ্রুতিবদ্ধ।

বার্ষিক সাধারণ সভায় বছরজুড়ে চেম্বারের কার্যক্রম, গুরুত্বপূর্ণ উদ্যোগ ও আর্থিক কর্মদক্ষতা পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিজিসিসিআইয়ের ভবিষ্যৎ অগ্রাধিকার নিয়েও আলোচনা করেন সদস্যরা। এতে সদস্যসেবা জোরদার, বিনিয়োগ সহজতর করা এবং বাংলাদেশ ও জার্মানির মধ্যে ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভায় বিজিসিসিআইয়ের কোষাধ্যক্ষ আদনান মো. ইকবাল নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় তিনি চেম্বারের আর্থিক অবস্থা ও নিরীক্ষিত হিসাব সম্পর্কে সদস্যদের অবহিত করেন।

বৈঠকে বাংলাদেশ ও জার্মানির মধ্যে কার্যকর দ্বিপাক্ষিক ব্যবসায়িক প্ল্যাটফর্ম হিসেবে বিজিসিসিআইয়ের ধারাবাহিক ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়। বিভিন্ন কোম্পানি, বিনিয়োগকারী, সরকারি কর্তৃপক্ষ, কূটনৈতিক মিশন, উন্নয়ন সহযোগী ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে একত্রিত করা হয়। সদস্যরা ব্যবসায়িক আলোচনাকে সুনির্দিষ্ট বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প-সহযোগিতায় রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বিজিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফারুক খানের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়। তিনি চেম্বারের প্রতি মূল্যবান অবদান ও অব্যাহত সমর্থনের জন্য সভাপতি, পরিচালনা পর্ষদ, সদস্য ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।