ডিজেলের মূল্যবৃদ্ধিতে কনটেইনার হ্যান্ডলিং চার্জ বাড়ল ৯.৮৫%

ডিজেলের মূল্যবৃদ্ধির পর কনটেইনার হ্যান্ডলিং ও পরিবহন-সংশ্লিষ্ট বিভিন্ন সেবার চার্জ বাড়িয়েছে বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আমদানি, রপ্তানি ও খালি কনটেইনার হ্যান্ডলিং এবং পরিবহন সেবায় ৯ দশমিক ৮৫ শতাংশ সারচার্জ যুক্ত হবে। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে নতুন এ হার কার্যকর হয়েছে।

সোমবার জারি করা এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে বিকডা। সংগঠনটির মহাসচিব রুহুল আমিন সিকদার সার্কুলারে স্বাক্ষর করেন।

এর আগে একই দিন ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে সরকার। ফলে জ্বালানি তেলটির দাম এক লাফে ১৭ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

বিকডার পক্ষ থেকে বলা হয়েছে, বেসরকারি আইসিডিতে জ্বালানিনির্ভর কার্যক্রম পরিচালনার ব্যয় বেড়ে যাওয়ায় সংশোধিত হারে সারচার্জ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন হারে চট্টগ্রাম বন্দর ও আইসিডির মধ্যকার এবং পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) থেকে আইসিডির মধ্যে খালি কনটেইনার পরিবহন সেবায় ৯ দশমিক ৮৫ শতাংশ সারচার্জ যুক্ত হবে। একই হারে খালি কনটেইনার লিফট-অন ও লিফট-অফ সেবার চার্জও বাড়বে।

রপ্তানি পণ্য স্টাফিং ও হ্যান্ডলিং প্যাকেজের ক্ষেত্রেও বাড়তি এই সারচার্জ কার্যকর হবে। এর আওতায় খালি ইয়ার্ড থেকে কনটেইনার তোলা, কনটেইনার ফ্রেইট স্টেশন শেডে নেওয়া, রপ্তানি পণ্য স্টাফিং, বোঝাই কনটেইনার লোড ইয়ার্ডে স্থানান্তর এবং পরে চট্টগ্রাম বন্দর বা পিসিটিতে পাঠানোর সেবা রয়েছে।

এ ছাড়া রপ্তানি পণ্যবোঝাই কনটেইনারের ওজন পরিমাপ বা ভিজিএম সেবার চার্জও ৯ দশমিক ৮৫ শতাংশ বাড়বে। এই সেবার মধ্যে লোড ইয়ার্ডে বোঝাই কনটেইনার নেওয়া, ওজন স্কেলে পরিবহন, ওজন করা এবং পুনরায় লোড ইয়ার্ডে ফিরিয়ে এনে নামানোর কার্যক্রম রয়েছে।

আমদানি পণ্য ডেলিভারি প্যাকেজেও একই হারে সারচার্জ আরোপ করা হবে। এ প্যাকেজের আওতায় চট্টগ্রাম বন্দর বা পিসিটি থেকে আমদানিকৃত বোঝাই কনটেইনার আইসিডিতে নেওয়া, কনটেইনার নামানো, আমদানি ডেলিভারি ইয়ার্ডে রাখা এবং শ্রমিকদের মাধ্যমে কনটেইনার থেকে পণ্য ট্রাকে তুলে দেওয়ার কার্যক্রম রয়েছে।

বিকডা পৃথক আইসিডিগুলোকে সংশোধিত হারে ৯ দশমিক ৮৫ শতাংশ সারচার্জ বৃদ্ধির বিষয়টি তাদের গ্রাহকদের অবহিত করার নির্দেশ দিয়েছে।

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায় পরিবহন ও লজিস্টিকস ব্যয়ের ওপর বাড়তি চাপ তৈরি হওয়ার মধ্যেই কনটেইনার হ্যান্ডলিং ও সংশ্লিষ্ট সেবার এই চার্জ বাড়ানোর সিদ্ধান্ত এলো।