শাইখ সিরাজের ‘মেমোরি রিওয়াইন্ড’ ও ‘ন-মানব’

আগামী ১ অক্টোবর প্রতিষ্ঠার ২৭ বছর পূর্ণ করে ২৮ বছরে পা রাখতে যাচ্ছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’। প্রতিষ্ঠানটির এ বিশেষ দিনটি উদযাপন উপলক্ষে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ নির্মাণ করেছেন দুটি বিশেষ অনুষ্ঠান।

চ্যানেল আইয়ের একদম শুরুর দিনগুলোর স্মৃতি, সে সময়ের দর্শকপ্রিয় অনুষ্ঠান এবং প্রতিষ্ঠাকালীন নানা রোমাঞ্চকর ও আনকাট গল্প নিয়ে নির্মিত হয়েছে স্মৃতিচারণমূলক বিশেষ অনুষ্ঠান ‘মেমোরি রিওয়াইন্ড’। এটি প্রচারিত হবে আগামী ১ অক্টোবর বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটে।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বহুমুখী সম্পর্ক এবং ভবিষ্যতের বৈশ্বিক প্রতিযোগিতার নানা সম্ভাবনা-শঙ্কা নিয়ে নির্মিত হয়েছে অন্য অনুষ্ঠানটি, যার শিরোনাম ‘ন-মানব’। মানুষ কি দিনশেষে মানুষেরই প্রতিদ্বন্দ্বী, নাকি তার জায়গা দখল করে প্রধান প্রতিপক্ষ হয়ে উঠছে এআই? কিংবা এআই নিজেই কি নিজের মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে? এমন সব মনস্তাত্ত্বিক ও যুগোপযোগী জটিল প্রশ্ন বিশ্লেষণ করেই সাজানো হয়েছে অনুষ্ঠানটি। শাইখ সিরাজের গল্প ও ভাবনায় তৈরি এই বিশেষ আয়োজন ‘ন-মানব’ প্রচারিত হবে আগামী ২ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে, চ্যানেল আইয়ের পর্দায়।