‘ডিজিটাল নবাব’ ফেরদৌস ওয়াহিদ ‘আলেয়া’ হোমায়েরা বশির

ঐতিহাসিক চরিত্র নবাব সিরাজউদ্দৌলাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা ও নাটক। তবে এবার বিনোদনের নতুন মাত্রা যোগ করতে সেই ইতিহাসকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বিশেষ মিউজিক্যাল কমেডি নাটক ‘ডিজিটাল নবাব’। চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত বিশেষ এই নাটকে নবাব চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি শিল্পী ফেরদৌস ওয়াহিদ এবং আলেয়া (তালেয়া) চরিত্রে দেখা যাবে জনপ্রিয় সংগীতশিল্পী হোমায়েরা বশিরকে।

পরিচালক ও প্রযোজক পুনম প্রিয়মের পরিচালনায় নাটকটিতে অন্যান্য ঐতিহাসিক চরিত্রের নাম বদলে কমেডি ধাঁচে রূপ দেওয়া হয়েছে। যেখানে ফচুকি বেগম (ঘসেটি বেগম) চরিত্রে পুনম প্রিয়ম নিজে, জুলি শাগুফতা (লুতফা), লিনু বিল্লাহ-মদনলাল (মোহনলাল), পলাশ-মীর ফারফার (মীর জাফর), রেজা আলী-লর্ড ফ্লাইট (লর্ড ক্লাইভ) এবং পথিক নবী-আহাম্মকি বেগ (মোহাম্মাদি বেগ) চরিত্রে অভিনয় করেছেন। আগামী ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় নাটকটি প্রচারিত হবে।

শিশুশিল্পী হিসেবে ‘স্বামীর সোহাগ’ চলচ্চিত্রে অভিনয়ের পর এটি হোমায়েরা বশিরের ক্যারিয়ারে দ্বিতীয় অভিনয়। দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে উচ্ছ্বসিত এই শিল্পী বলেন, “এত গুণী ও কিংবদন্তি শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। নাটকে আমার বাবা-মায়ের জনপ্রিয় গান ‘ওগো প্রিয়তমা’য় ফেরদৌস ওয়াহিদের সঙ্গে লিপসিং করেছি। পরবর্তী সময়ে গানটি আমি ও ভাই রাজা বশিরও গেয়েছিলাম, তাই এই কাজের অনুভূতিটা একদমই আলাদা। সুযোগ করে দেওয়ার জন্য পরিচালক পুনম প্রিয়মের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ।”

অভিজ্ঞতা প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ জানান, ঐতিহাসিক বিষয় বরাবরই তার পছন্দের। সবাই গানের মানুষ হলেও প্রত্যেকেই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে অভিনয় করেছেন। বিশেষ করে পথিক নবীর অভিনয় সত্যিই চমৎকার ছিল। জীবন সায়াহ্নে এসে এই বয়স আর পরিণত অভিজ্ঞতায় এত সুন্দর একটি কাজের অংশ হতে পেরে খুব ভালো লাগছে। আমরা সবাই মিলে চেষ্টা করেছি দর্শককে বিনোদন দেওয়ার।