ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগের ফুটবল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় চার বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তে করতে অধ্যাপক ড. মোহা: মোজাম্মেল হোসেনকে আহ্বায়ক করে ৫ সদস্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে সদস্য সচিব করা হয়েছে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক রাজিবুল হককে।
কমিটির অন্য তিন সদস্য হলেন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এস এম শরফরাজ নওয়াজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম। গঠিত কমিটিকে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদানের জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মধ্যে ও বিকেলে ফার্মেসী ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের খেলা চলাকালে তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এমতাবস্থায় সংঘটিত ঘটনা যাচাই-বাছাইয়ের জন্য আন্তঃবিভাগের ফুটবল টুর্নামেন্ট সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে আয়োজক কমিটি।