উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে সর্বাত্মক ‘ক্যাম্পাস শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। এ সময় তারা নতুন উপাচার্যের পথরোধ করেন এবং সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’, ‘ভিসির চেয়ার কারে চায়, সায়েম স্যারকেই আবার চাই’ শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

এদিকে সর্বাত্মক শাটডাউনের কারণে মঙ্গলবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এবং প্রশাসনিক ভবনগুলোর কার্যক্রমও স্থবির হয়ে পড়ে।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, আমাদের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম স্যারকে পূর্ব কোনো কারণ দর্শানো ছাড়াই সরিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে গতকাল রাত থেকেই আমাদের আন্দোলন চলছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা সর্বাত্মক শাটডাউন ঘোষণা করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে ৫৬ দিনের মাথায় দায়িত্ব থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। এই সিদ্ধান্ত জানাজানি হওয়ার পরপরই রাতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে তারা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন এবং বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের (শাটডাউন) ঘোষণা দেন।