বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাজিরা উপজেলা শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শিকদার মো. মেজবাহ্ উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের চৌরঙ্গির মোড়ে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমী। এসময় উপস্থিত ছিলেন নায়েবে আমীর কে এম মকবুল হোসাইন, সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, পৌর জামায়াতের সভাপতি জব্বার মীর।
সংবাদ সম্মেলন বক্তারা অভিযোগ করেন, গত ১০ আগস্ট জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকায় দু পক্ষের সংঘর্ষে মান্নান সরদার নামের এক বৃদ্ধ নিহত এবং রিপন মোল্লা (৩৮) নামের এক যুবক গুরুতর আহত হন। পরে সেই ঘটনাকে কেন্দ্র করে রিপন মোল্লার বাবা হামি মোল্লা বাদি হয়ে জাজিরা ১৭ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন এবং এতে শিকদার মো. মেজবাহ্ উদ্দিনকে প্রধান আসামি করা হয়। তবে তাদের অভিযোগ রিপন মোল্লার প্রতিপক্ষ রেজাউল সিকদারের পরিবর্তে স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে মেজবাহ উদ্দিনের নাম দেয়া হয়েছে।
এছাড়াও গত ৫ সেপ্টেম্বর একই এলাকায় রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়ে রোকেয়া বেগম এক গৃহবধূর মৃত্যুতেও সিকদার মেজবাহ উদ্দিনের নামে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এসময় তারা প্রকৃত অপরাধীদের আড়াল করে ষড়যন্ত্র ও হয়রানি মূলক মামলা না করতে এবং তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের সনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
--