আবু হেনা-ঈদতাজুলের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ও সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলামের নামে থাকা ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। এর আগে দুদকের উপপরিচালক সাইদুজ্জামান এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আবু হেনা মো. রহমাতুল মুনিম, ঈদতাজুল ইসলামসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানে তাদের ব্যাংক হিসাবগুলোতে ‘সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের’ তথ্য পাওয়া গেছে।

দুদকের দাবি, বিভিন্ন মাধ্যমে এসব হিসাবে থাকা অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন তারা। সম্পদ সরিয়ে ফেলা হলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। এ কারণে এসব ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদ অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।

২০২০ সালের ৬ জানুয়ারি এনবিআর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন আবু হেনা মো. রহমাতুল মুনিম। ২০২৪ সালের ৬ জানুয়ারি তার নিয়মিত মেয়াদ শেষ হয়।

অবসরের বয়স পার হওয়ার পরও তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগে এনবিআর চেয়ারম্যানের দায়িত্বে রাখে। পরে জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকার তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে।