বাংলাদেশের পণ্য বেশি কিনতে ভারতকে গভর্নরের আহ্বান

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে পণ্য আমদানি আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। একই সঙ্গে দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ এবং বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে ভারতের অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা চেয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।

বৈঠকে গভর্নর বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ করতে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি এবং আমদানি বাড়ানোর সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ভারতকে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান তিনি।

এ ছাড়া বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণ এবং আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন গভর্নর। এসব ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা ও সম্ভাব্য কারিগরি সহযোগিতাও চান তিনি।

সাক্ষাতে ভারতের হাইকমিশনার বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আরও সহজ করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিনিয়োগবান্ধব একাধিক নীতিগত উদ্যোগ নিয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করা অর্থ ও অর্জিত মুনাফা সহজে নিজ দেশে ফেরত নিতে পারবেন।

এ সময় বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানান গভর্নর।

বৈঠকে ভারতের হাইকমিশনারের সঙ্গে ডেপুটি হাইকমিশনার পবনকুমার বাধে এবং সেকেন্ড সেক্রেটারি (ইকোনমিক অ্যান্ড কমার্স) গৌরব কুমার আগারওয়াল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নরের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান ও ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন।