প্যারিস ফ্যাশন উইক-২০২৬

ফের গ্ল্যামারের ঝলক দেখাবেন ঐশ্বর্য

 বলিউড তারকা ও সাবেক মিস ইউনিভার্স ঐশ্বরিয়া রাই বচ্চন এখনও তার সৌন্দর্য ধরে রেখেছেন। আর এ কারণে তার উপস্থিতিতে গ্ল্যামারের ঝলক ছড়িয়ে পড়ে চারপাশে। ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের মতো প্যারিস ফ্যাশন উইকেও বছরে পর বছর ধরে দ্যুতি ছড়িয়ে আসছেন ঐশ্বর্য। একই ধারাবাহিকতায় আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আবারও নিজের সৌন্দর্য ও ব্যক্তিত্বের ঝলক দেখাতে প্রস্তুত বলিউডের এই লাস্যময়ী। 

আগামী ২৮ সেপ্টেম্বর আইফেল টাওয়ারের সামনে প্লাস জফ্রে এলাকায় বসছে প্যারিস ফ্যাশন উইকের তারকাখচিত আসর। এই আয়োজনের বহুল আলোচিত ‘লে দেফিলে’ আয়োজনে আবারও র‍্যাম্পে হাঁটবেন অ্যাশ। ফরাসি প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল প্যারিসের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘লে দেফিলে’র নবম আসর। এবারের আয়োজনের মূল ভাবনা ‘নিজের যোগ্যতা প্রকাশ করো’। নারীর আত্মবিশ্বাস, বৈচিত্র্য, পারস্পরিক সংহতি ও অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিয়েই সাজানো হয়েছে এবারের আয়োজন।

দীর্ঘদিন ধরে লরিয়াল প্যারিসের দূত হিসেবে কাজ করছেন ঐশ্বরিয়া। ফলে এবারের আয়োজনেও তার উপস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। র‍্যাম্পে তার প্রত্যাবর্তনকে শক্তি, আত্মবিশ্বাস ও নিজস্ব সৌন্দর্যবোধের প্রতীক হিসেবে তুলে ধরছে আয়োজকরা। ২০১৭ সালে যাত্রা শুরু করা ‘লে দেফিলে’ ইতোমধ্যে ফ্যাশন, সৌন্দর্য ও বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত আয়োজন হয়ে উঠেছে। এবারের মঞ্চেও আন্তর্জাতিক অঙ্গনের একঝাঁক তারকার উপস্থিতি থাকছে। ঐশ্বরিয়ার সঙ্গে একই আয়োজনে দেখা যাবে সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, কারা ডেলেভিন, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া, অ্যান্ডি ম্যাকডাওয়েলসহ আরও অনেক তারকাকে।

তবে শুধু র‍্যাম্পে হাঁটাই নয়, এবারের আয়োজন ঘিরে থাকছে সৌন্দর্যপণ্যের নতুন সংযোজনও। ভারতীয় ত্বকের রঙের কথা মাথায় রেখে বাজারে আসছে লরিয়াল প্যারিসের নতুন ‘রানওয়ে ম্যাট কালেকশন’। এতে থাকবে ‘ইনফ্যালিবল ম্যাট রেজিস্ট্যান্স’ তরল লিপস্টিকের পাঁচটি নতুন গাঢ় রং। এর মধ্যে বিশেষ আকর্ষণ ‘৪২৩ অডাসিয়াস রেড’। প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ঐশ্বরিয়ার ঠোঁটেও দেখা যাবে এই রং। ফলে তার সাজ ও সৌন্দর্য নিয়েও দর্শকদের আগ্রহ থাকছে আলাদা করে।