আনোয়ারায় পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৫১টি পুকুর-জলাশয়ে রাজস্ব খাতের আওতায় ২২৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মুক্ত জলাশয়ে মাছের প্রাপ্যতা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক মো.আনোয়ার হোসেন।

এ সময় তিনি বলেন, মুক্ত জলাশয়ে অবমুক্ত করা মাছের পোনা বড় হলে স্থানীয় জলাশয়গুলো আরও সমৃদ্ধ হবে। মৎস্যসম্পদ রক্ষা এবং সরকারি এ কর্মসূচির সুফল পেতে এলাকাবাসীকে সচেতন হতে হবে। পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অবমুক্ত করা মাছের পোনা বড় হওয়ার সুযোগ দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবমুক্ত করা মাছগুলোকে একটু বড় হতে দেবেন। মাছ ধরা নিয়ে নিজেদের মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা বা গোলমাল সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখবেন। সরকারি নিয়মকানুন মেনেই আপনাদের এসব কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.আবু জাফর মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। এতে স্বাগত বক্তব্য রাখেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো.রাশিদুল হক।