বগুড়ায় এক রাতে ১৬ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

একই রাতে পৃথক অভিযানে বগুড়ায় যাত্রীবাহী দুটি বাস থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২-এর সিপিএসসি বগুড়া এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে বগুড়া সদর উপজেলার মাটিডালী বিমানমোড় ও নওদাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়া জানায়, সোমবার রাত তিনটার দিকে মাটিডালী বিমানমোড় এলাকায় করতোয়া পাম্পসংলগ্ন মহাসড়কে মাদকবিরোধী চেকপোস্ট বসানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ঢাকা থেকে জয়পুরহাটগামী একটি বাসে এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে ইয়াবা বহন করছেন। পরে ওই বাসে তল্লাশি চালিয়ে ফরহাদ হোসেনের কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ফরহাদ হোসেন (২৯) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের মো. হারেজ আলীর ছেলে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।

অন্যদিকে, একই রাতে বগুড়া সদর উপজেলার নওদাপাড়ায় ঢাকা-ঠাকুরগাঁওগামী একটি বাসে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ নুর হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিএনসি।

ডিএনসি জানায়, রাত আড়াইটার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে মহাসড়কে ‘তাজ পরিবহন’ নামের বাসে তল্লাশি চালানো হয়। বাসটির সিটে বসা টিকিটবিহীন যাত্রী নুর হোসেনের দেহ ও ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১০টি প্যাকেটে রাখা দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার নুর হোসেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলসারা বানিয়াবস্তি এলাকার মৃত ইনতাজ আলীর ছেলে।

ডিএনসির উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান, নুর হোসেন আগে গার্মেন্টসে চাকরি করতেন। মাসে ১৪ হাজার টাকার চাকরি ছেড়ে তিনি ইয়াবা পাচারে জড়িয়ে পড়েন। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও সিমও জব্দ করা হয়েছে। এ ঘটনায় নুর হোসেনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ইয়াবার চালানের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে।