জাপানের আইচি ও নাগোয়াতে চলমান এশিয়ান গেমসে পদকের তালিকায় বাংলাদেশের নাম ওঠালেন নারী উশুকা জিন্নাত আক্তার। মঙ্গলবার নারীদের ৫২ কেজি ওজন শ্রেণীতে কোয়ার্টার ফাইনালে জিন্নাতের ইন্দোনেশিয়ান প্রতিপক্ষ ওজন কমাতে না পারায় ডিসকোয়ালিফাই হয়ে যান। তাতে বাংলাদেশের উশুকা উঠে যান সেমিফাইনালে এবং নিশ্চিত হয়েছে ব্রোঞ্জ পদক।
আগামীকাল বুধবার চীনের প্রতিপক্ষের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ সেনাবাহিনীর এই উশুকা। জিতলে স্বর্ণপদকের লড়াইয়ে নামবেন তিনি। হারলেও ব্রোঞ্জ পদক নিশ্চিত।
১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে বক্সার মোশাররফ ব্রোঞ্জ জিতেছিলেন। সেটি ছিল এখন পর্যন্ত ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের একমাত্র পদক। এরপর বাংলাদেশ কাবাডি ও ক্রিকেটে পদক পেলেও সেটা ছিল দলীয় ডিসিপ্লিন। চার দশক পর এশিয়াডে আরেকটি ব্যক্তিগত পদক পাচ্ছে বাংলাদেশ।
২০১৯ সাল থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে কখনো দ্বিতীয় হননি নেত্রোকোনার এই কিশোরী জিন্নাত। ৭টি স্বর্ণ জেতা জিন্নাত প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো আসরে অংশ নিয়ে পদক নিয়েই ফিরছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম ফাইট করার। খেলা হয়নি। তবে পদক নিশ্চিত হয়েছে। আমি কি খুশি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না।’