দ্রুততম সময়ে ডাকসু নির্বাচন চায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

গঠনতান্ত্রিক সংস্কার সম্পন্ন করে দ্রুততম সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণাসহ তিন দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।  

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক এসব দাবি জানান।  

মোজাম্মেল হক বলেন, ডাকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা গ্রহণযোগ্য নয়। গঠনতন্ত্রে নির্ধারিত অতিরিক্ত ৯০ দিনের সুযোগকে নির্বাচন বিলম্বিত করার অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।  

তিনি বলেন, ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের কার্যকর ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনিক নিয়ন্ত্রণের ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। প্রতি বছর নির্দিষ্ট সময়ে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে হবে এবং ডাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করতে হবে। 

নির্বাচনী রূপরেখা প্রসঙ্গে তিনি স্বাধীন ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন নিশ্চিত এবং প্রার্থী ও সংগঠনগুলোর অভিযোগ উত্থাপন ও নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা রাখার দাবি জানান। পাশাপাশি আবাসন সংকট নিরসন, নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ, যৌন হয়রানির অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং গবেষণা ও শিক্ষক মূল্যায়ন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিতের কথা বলেন।  

এ সময় ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহ ও ইসলামি ছাত্রসংঘের নেতা আব্দুল মালিকের ছবি প্রদর্শনসহ বিভিন্ন ঘটনায় ডাকসুর ভূমিকা ও সাংবিধানিক সীমানা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।  

সংগঠনটির পক্ষ থেকে ৩ দফা দাবি জানান মোজাম্মেল হক। তিন দফা দাবিগুলো হলো—  প্রয়োজনীয় সংস্কার শেষে অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা; প্রতি বছর নির্দিষ্ট সময়ে নির্বাচন আয়োজন এবং তা একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা; সভাপতি ও প্রশাসনের একক ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে নির্বাহী কমিটির সিদ্ধান্ত গ্রহণে নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা নিশ্চিত করা।  

সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক আকাশ আলীসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।