চট্টগ্রামে থানার পেছনে ছিনতাই ঘটনায় মূলহোতা সাদ্দাম গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পেছনে সতীশ বাবু লেনে রিকশা থামিয়ে যাত্রীর টাকা-পয়সা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতা সাদ্দামকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্ণফুলী থানা শিকলবাহা এলাকা থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

৯ মামলার আসামি গ্রেপ্তার সাদ্দাম এক পেশাদার ছিনতাইকারী বলে জাানিয়েছে পুলিশ। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, গতকাল শনিবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে কোতোয়ালী থানাধীন পাথরঘাটা সতিশ বাবুর লেনে এক অটোরিকশাযাত্রীর গতিরোধ করে তিন ছিনতাইকারী। এ সময় ছুরির ভয় দেখিয়ে ওই যাত্রীর কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয় তারা। পরে এ ঘটনার মূলহোতা সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। 

এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় জড়িত মনির হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১৯ সেপ্টেম্বর সকাল ৬টা ৪০ মিনিটে কোতোয়ালী থানার পেছনে সতীশ বাবু লেইনে একটি অটোরিকশার যাত্রীকে দুই ছিনতাইকারী গতিরোধ করে ছুরির ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নিয়ে যায়।  এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পর গ্রেপ্তার হওয়া আসামি মো. সাদ্দাম হোসেন (৪৩)  ও তার সহযোগীরা তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান। তারা বারবার  অবস্থান পরিবর্তন করতে থাকেন। নজরদারির প্রেক্ষিতে মহানগর ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে কাজ শুরু করে।