আইনজীবী কাছে ঘুষ দাবি, দুদকের কাছে ধরা সাব-রেজিস্ট্রার

চট্টগ্রাম নগরের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে ঘুষের ২ লাখ টাকাসহ সাব-রেজিস্ট্রার আবদুস সোবহানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এর একটি ফাঁদ টিম অভিযান চালিয়ে সাব-রেজিস্ট্রারের সঙ্গে আরও দুইজনকে আটক করা হয়।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ এতথ্য নিশ্চিত করেন।

আটক অন্যরা হলেন পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসের হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশ।

দুদক জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র  রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব- রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকা সত্ত্বে ও  রেজিস্ট্রেশন প্রক্রিয়া আটকে রাখেন সংশ্লিষ্টরা। পরে দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ২ লাখ টাকা ঘুষ দাবি করেন। নিরুপায় হয়ে ওই আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন। পরে দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন করেন তিনি। অভিযোগের পর কমিশনের অনুমোদন নিয়ে মঙ্গলবার ফাঁদ পেতে অভিযান পরিচালনা করে দুদক ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানায় দুদক।