রাজধানীতে সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে ঢাকায় সৌদি আরবের দূতাবাস এ সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর হাতে তুলে দেন ডা. শফিকুর রহমান।
চিঠিতে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সৌদি বাদশাহ, রাজপরিবার, সরকার ও সৌদি জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
এতে সৌদি আরবের সঙ্গে বিশ্বের মুসলমানদের ধর্মীয় ও আবেগের সম্পর্ক এবং মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর সেবা ও ব্যবস্থাপনায় দেশটির দায়িত্বের কথা উল্লেখ করা হয়। পাশাপাশি হজ ও ওমরাহ পালনে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের সৌদি আরবের সহযোগিতা ও সেবার বিষয়টিও তুলে ধরা হয়।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে গভীর ধর্মীয়, সাংস্কৃতিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জড়িত। সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছেন বলেও উল্লেখ করা হয়।
এ সময় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন বিরোধীদলীয় নেতা। অনুষ্ঠানে তিনি বিভিন্ন দেশের কূটনীতিক ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।