বেরোবি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

শিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) এবং দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

চুক্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুর আলম সিদ্দিক এবং আইসিএমএবির সহসভাপতি এস এম জহির উদ্দিন হায়দার এফসিএমএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায় হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা শিক্ষা প্রসারে দুই প্রতিষ্ঠান যৌথভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইসিএমএবির বিভিন্ন কোর্সে ওয়েভারসহ পেশাগত বিভিন্ন সুযোগ-সুবিধা ও দিকনির্দেশনা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ সমঝোতার ফলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংসহ সংশ্লিষ্ট পেশাগত ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে আইসিএমএবির পেশাগত শিক্ষা ও সুযোগ-সুবিধা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা আরও বিস্তৃত হবে।

"অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নূর আলম সিদ্দিক বলেন, এরকম শিক্ষার্থীকেন্দ্রিক, শিক্ষার্থীদের ওয়েলফেয়ারকেন্দ্রিক প্রোগ্রাম তার অনুষদ থেকে বারংবারই নেওয়া হবে। যাতে করে অনুষদের শিক্ষার্থীরা দেশে এবং বিদেশে পেশাগত উৎকর্ষতা সাধন করতে পারে এবং নিজ বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে। এতে করে চাকরির বাজারে আমাদের শিক্ষার্থীদের সম্ভাবনা বেড়ে যাবে।"