বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক অর্থনীতি, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে বাংলাদেশ থেকে ভারতে পণ্য আমদানি আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন গভর্নর।
বৈঠকে বাংলা কিউআর-এর ব্যবহার সম্প্রসারণ, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট এবং এ বিষয়ে ভারতের অভিজ্ঞতা ও সম্ভাব্য কারিগরি সহযোগিতা নিয়েও আলোচনা হয়। গভর্নর বাংলাদেশে বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বিদেশি বিনিয়োগ আরও সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন ভারতের হাইকমিশনার। জবাবে গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে বিনিয়োগবান্ধব একাধিক নীতিগত উদ্যোগ নিয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করা অর্থ ও মুনাফা সহজে নিজ দেশে প্রত্যাবাসন করতে পারবেন। এ সময় প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে বাংলাদেশে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানান গভর্নর।
সাক্ষাতে ভারতের হাইকমিশনারের সঙ্গে ডেপুটি হাইকমিশনার পবনকুমার বাধে এবং সেকেন্ড সেক্রেটারি (ইকোনমিক অ্যান্ড কমার্স) গৌরব কুমার আগারওয়াল উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নরের সঙ্গে ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন।