জাপানে এক দিনে ভারত ক্রিকেটে দুটি জয় পেয়েছে। শ্রীলঙ্কাকে ফাইনালে বিধ্বস্ত করে এশিয়ান গেমস ক্রিকেটের শিরোপা জিতেছে ভারতের নারী ক্রিকেট দল। পুরুষ দল গেমস খেলতে নামার আগে জাপানের বিপক্ষে এক টি-টোয়েন্টি ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে।
সোনার পদক ধরে রাখল মান্ধানারা
জাপানের কোরোগি স্পোর্টস পার্কের ফাইনালে টস জিতে আগে ব্যাট করে ভারতের মেয়েরা আগে ব্যাট করে তোলে ৩ উইকেটে ২১৬। এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে এটাই দলীয় সর্বোচ্চ সংগ্রহ। শ্রীলঙ্কার মেয়েরা টি-টোয়েন্টিতে কখনো ১৭৭ রানের বেশি তাড়া করে জিততে পারেনি। এবারও পারল না। উল্টো তাড়া করতে গিয়ে ১৫.৪ ওভারে ৬৯ রানেই অলআউট হয় যায় তারা। ১৪৭ রানের বড় ব্যবধানে হেরে রুপা জিতেই সন্তুষ্ট থাকতে হলো আতাপাত্তুর দলকে। হাংজুতে ২০২২ এশিয়ান গেমস ক্রিকেটে জেতা সোনার পদকটা জাপানেও ধরে রাখল হারমানপ্রীত কৌরের দল। এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে এ নিয়ে দুটি সোনা জিতল ভারত। রুপা কিংবা ব্রোঞ্জ কখনো জেতেনি তারা।
ভারতকে ২০০’র ওপাশে নিয়ে যাওয়ার ভিতটা গড়ে দেন দুই ওপেনার। ১০ ওভারে ৯৯ রানের জুটি গড়ে আউট হন ২৯ বলে ৪৮ রান করা শেফালি বর্মা। ৩টি ছক্কা ও ৩ চারে ইনিংসটি সাজান। ইনিংসটি খেলার পথে দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্টকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন শেফালি। মেয়েদের টি-টোয়েন্টিতে এ বছরই ৮২৪ রানের রেকর্ড গড়েন ভলভার্ট। তার সমান ২৪ ইনিংসে শেফালির রানসংখ্যা ৮৬৩। আরেক ওপেনার স্মৃতি মান্ধানার ব্যাট থেকে এসেছে ৪৫ বলে ৭৯ রান। এই ইনিংস খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম নারী হিসেবে ১১ হাজার রানের মাইলফলকের দেখা পান স্মৃতি। ব্যাটিংয়ে নামার আগে মাইলফলকটির দেখা পেতে তার দরকার ছিল ১৩ রান।
ভারতের ইনিংসটি দারুণভাবে শেষ করার পেছনে অবদান রিচা ঘোষের। ফুলমালির সঙ্গে ১৯ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ৩ ছক্কা ও ৬ চারে ২২ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন রিচা।
শ্রেয়াসদের ২ রানের জয়
জাপানের আরেক শহর সানোর ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টিতে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ নেমে আসে ৫ ওভারে। ভারতকে ভয় ধরিয়ে জাপান প্রথম ৩২ রানে তাদের আটকে রাখে। পরে শেষ ওভারে ৮ রান করার সমীকরণে পৌঁছে। কিন্তু শেষ পর্যন্ত ২ রানে ম্যাচটা জিতেছে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা ভারতের ২০০তম জয়, এই প্রথম কোনো দল ২০০টি ম্যাচ জিতল।
এই ম্যাচে প্রথম বল থেকেই উইকেটে স্পিনাররা বড় টার্ন পেয়েছেন। ম্যাচে পুরো ১০ ওভারই করেছেন স্পিনাররাই। আউটফিল্ড ছিল ধীরগতির। সে কারণেই ভারতের ৩২ রানও জাপানের সামনে বড়ই মনে হচ্ছিল। তবে ভারতের বোলিংয়ে ইনিংসের তৃতীয় ওভারে রবি বিষ্ণুই ১০ রান খরচ করার পর জাপান আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল। শেষ ২ ওভারে তাদের দরকার ছিল ১৬ রান। একপর্যায়ে সমীকরণ নেমে আসে ৮ বলে ৮ রানে। তবে ওয়াশিংটন সুন্দর আর অক্ষর প্যাটেলের সামনে সেটাও নিতে পারেনি জাপান।
আগামী ২৮ সেপ্টেম্বর এশিয়ান গেমসের সরাসরি কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ভারত।