এশিয়াডে অমম্ল মধুর এক দিন

এশিয়ান গেমসের চার দিন অতিবাহিত হয়েছে। এর মধ্যে ক্রিকেট ও কাবাডি ব্যর্থতার পরিচয় দিয়েছে। কিš‘ অপ্রত্যাশিতভাবে বাংলাদেশের জন্য পদক নিশ্চিত করেছেন উশুকা জিন্নাত আক্তার। তবে অন্য ডিসিপ্লিনগুলো যথারীতি হতাশ করেছে।

মেয়েদের কাবাডিতে হতাশা

পুরুষদের মতো কাবাডিতে হতাশ করেছে মেয়েরাও। যদিও কাল তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী ইরান। এই দেশটির বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলেতে পারেনি লাল-সবুজের মেয়েরা। হেরেছে ৫৪-১৯ পয়েন্টের বড় ব্যবধানে। আজ শ্রাবনী মল্লিকরা জাপানের বিপক্ষে লড়বেন।

টেবিল টেনিসে অবশেষে জয়

টেবিল টেনিসের দলগত ইভেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এবার একক ও মিশ্রদ্বৈতের খেলা। কাল মিশ্রদ্বৈতের খেলায় লাওসের সঙ্গে জিতেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের মোহতাসিন আহমেদ হৃদয় ও নওরিন সুলতানা মাহি ১১-৯, ৯-১১, ১১-৮ ও ১১-২ পয়েন্টে (৩-১ সেটে) লাওসকে হারায়। আজ তারা খেলবেন থাইল্যান্ডের দুই প্রতিযোগীর সঙ্গে।

হারে শুরু বিচ ভলিবলে

আর দশটা ডিসিপ্লিনের মতো হার দিয়ে শুরু করেছে বিচ ভলিবলও। পুরুষদের বিচ ভলিবলে রাতুল আহমেদ ও আলী আল মোয়াম্মার জুটি ২-০ সেটে হেরে যান ইরানের কাছে। প্রথম সেটে ২১-১৩ ও দ্বিতীয় সেটে ২১-১২ পয়েন্টে হেরে সৈকত ছাড়ে বাংলাদেশ। আজ মেয়েদের বিচ ভলিবলে লাকি খাতুন ও সাবিনা খাতুন লড়বেন কাজাখস্তানের মেরি ও লওরার সঙ্গে।

জয়ে শুরু বক্সিংয়ে

জয় দিয়ে এশিয়ান গেমসে নিজেদের যাত্রা শুরু করেছে বক্সিং। পুরুষদের ৫৫ কেজি ওজন শ্রেণীর প্রিলিমিনারি রাউন্ডে ভুটানের মিগমা দর্জিকে ৫-০ পয়েন্টে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে চলে গেছেন উৎসব আহমেদ। ২৬ সেপ্টেম্বর মঙ্গোলিয়ার বক্সারের বিপক্ষে রিংয়ে লড়াই করবেন উৎসব। সেখানে জিতলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে। বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আইচি থেকে সামাজিক যোগাযোগ বলেন, ‘অসাধারণ খেলেছে উৎসব। তাই জয়টা তার কাছে ধরা দিয়েছে। এভাবে খেললে মঙ্গোলিয়াকেও হারাতে পারবে সে। তবে আগামীকাল (আজ) চোখ রাখতে হবে আমাদের আরেক বক্সার মো. সেলিমের দিকেও। কারণ হাংজুতেও সে ভালো লড়েছিল। আশা করি এখানেও লড়াই করবে।’

হকিতে হার চলছেই

একের পর এক হার জুটছে হকিতে। ছেলেদের এ-গ্রুপে স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছে লাল-সবুজের ছেলেরা। স্বাগতিক দলের হয়ে কোসেই দুটি এবং কোজি, নারু, কাজুমাসা একটি করে গোল করেন। বাকি গোলটি আসে আত্মঘাতীর মাধ্যমে। অন্যদিকে বাংলাদেশের হয়ে এক গোল শোধ দেন খালেদ মাহমুদ রাকিন। আজ মেয়েরা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে টার্ফে লড়বে।

লক্ষ্যহীন শুটিং

শুটিংয়ের লক্ষ্যভেদে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন লাল-সবুজের শুটাররা। ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগতের খেলায় বাংলাদেশ ৬১৭.৭ স্কোর করে ১৫ দেশের মধ্যে ১২তম হয়। রবিউল ইসলাম ও মেহেনাজ শারমিন প্রথম সিরিজে ২০৫.৭, দ্বিতীয় সিরিজে ৪১১.৯ এবং তৃতীয় সিরিজে ৬১৭.৭ স্কোর করেন। আজ মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে লক্ষ্যভেদ করার লড়াইয়ে নামবেন আনজিলা আমজাদ।