ফেডকাপে হোঁচট ফর্টিজের

বাংলাদেশ ফুটবল লিগে দারুণ শুরুর পর ফেডারেশন কাপে এসে হোঁচট খেল ফর্টিজ এফসি। মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে গোপালগঞ্জে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিগে নিজেদের প্রথম ম্যাচে ৬-০ গোলের বড় জয় পাওয়া দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফর্টিজ। এর ফলও পায় দ্রুত। ১১ মিনিটে ইনসানের গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় ফর্টিজ। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় ফকিরেরপুল ইয়ংমেন্স। একের পর এক আক্রমণ করে অবশেষে ৭২ মিনিটে সফল হয় তারা। তামিম হোসেন অনিকের গোলে সমতায় ফেরে ইয়ংমেন্স (১-১)। এরপর দুই দলই জয়সূচক গোলের চেষ্টা করলেও আর গোল হয়নি।