রাজধানীর হাজারীবাগ থেকে নিখোঁজের আট দিন পর ১১ বছর বয়সী এক শিশুকে টঙ্গী রেলস্টেশনের পাশ থেকে উদ্ধার করেছে হাজারীবাগ থানা পুলিশ। গত সোমবার টঙ্গী রেলস্টেশনের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ আহমেদ জানান, ১৩ সেপ্টেম্বর হাজারীবাগের ঝাউচরবাজার এলাকার বাসা থেকে বের হওয়ার পর শিশুটি নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পর দিন হাজারীবাগ থানায় জিডি করেন তার পরিবারের সদস্যরা। এরপর শিশুটির সন্ধানে বাসা থেকে বের হওয়ার সম্ভাব্য পথের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, শিশুটি একা বাসা থেকে বের হয়ে হেঁটে হাজারীবাগ বাজারের লেগুনা স্ট্যান্ডে যায়। সেখান থেকে লেগুনায় গুলিস্তান এবং পরে বাসে বিমানবন্দর এলাকায় যায়। সেখানে শিশুটি পথশিশুদের সঙ্গে খেলাধুলা, পুকুরে গোসল এবং বিভিন্ন দোকান থেকে চেয়ে খাবার সংগ্রহ করে সময় কাটায়। পরে ট্রেনে করে কমলাপুর ও টঙ্গী রেলস্টেশনে যায় এবং বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলস্টেশনের পাশ থেকে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে হাজারীবাগ থানার নারী ও শিশু হেল্প ডেস্কে নিয়ে শারীরিক, মানসিক ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, ঘটনার দিন সকালে পড়াশোনা নিয়ে বাবা তাকে শাসন করায় রাগ করে নিজেই বাসা থেকে বের হয়ে যায়।