বনানীতে বাসচাপায় প্রাণ গেল বাইক আরোহীর

রাজধানীর বনানীতে বাসচাপায় হাসান ইমাম সোহেল (৪৫) নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাইকে করে মোহাম্মদপুর থেকে বসুন্ধরা আবাসিক এলাকা যাওয়ার পথিমধ্যে বনানী চেয়ারম্যান বাড়ি ও সৈনিক ক্লাবের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেলের বাড়ি কুমিল্লার দাউদকান্দি। তিনি ঢাকাতেই একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

বনানী থানার এসআই জুয়েল বিশ্বাস জানান, বাইকে করে দুজন মোহাম্মদপুর থেকে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন। বনানীতে লাবিব পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের বাইকে ধাক্কা দিলে চালক ছিটকে সামনের দিকে পড়েন, আর আরোহী সোহেল ওই গাড়িরই নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বাসটিকে জব্দ করেছে পুলিশ। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।