উলিপুরে সারের দাবিতে সড়ক অবরোধ

কুড়িগ্রামের উলিপুরে ব্যাপক কৃষকের উপস্থিতি দেখে সার না দিয়ে ডিলার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সটকে পড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কৃষকরা বাঁশ ফেলে ও আগুন জ¦ালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় কুড়িগ্রাম টু চিলমারী আঞ্চলিক সড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ইউএনও এবং ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে, গতকাল মঙ্গলবার দুপুরে নতুন অনন্তপুর বাজার এলাকায়।

ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর এলাকায় মেসার্স সুফিয়া এন্টার প্রাইজের সামনে মঙ্গলবার সকালে কৃষকরা সার নেওয়ার জন্য জড়ো হয়। এ সময় এক সঙ্গে অনেক কৃষকের উপস্থিতি দেখে ওই ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা উমর ফারুক ও নকুল কুমার এবং সার ডিলার সামছুল আলম প্রতিষ্ঠান না খুলে সটকে পড়েন। বিষয়টি বুঝতে পেরে ক্ষুব্ধ কৃষকরা ডিলারের দোকানের সামনে বাঁশ ফেলে ও আগুন জ¦ালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় কুড়িগ্রাম টু চিলমারী আঞ্চলিক সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ২ শত ১৫ বস্তা সার প্রায় ৫ শত কৃষকের মধ্যে বিতরণ করা হয়।

কৃষক আব্দুল আজিজ, আজিজার রহমান, আব্দুর রহিমসহ অনেকে জানান, কয়েক দিন ধরে ডিলারের কাছে ঘুরেও সার পাচ্ছি না। মঙ্গলবার সার দেওয়ার কথা থাকায় সকাল থেকে অপেক্ষা করেও ডিলারের লোকজন না আসায় আমরা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি।

মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সার ডিলার সামছুল আলম বলেন, সার বিতরণ করতে দেরি হওয়ায় কৃষকরা সড়ক অবরোধ করেছেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে সুষ্টভাবে সার বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে মোবাইলফোনে যোগাযোগ করা হলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা উমর ফারুক তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। অন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা নকুল কুমারের  মোবাইলফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

উলিপুর থানার ওসি শওকত আলী সরকার জানান, সার বিতরণের আগেই কিছ ুউসশৃঙ্খল মানুষ সড়ক অবরোধ করেছিল। পরে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। বর্তমানে কোনো সমস্যা নেই।

উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন, ডিলার ও সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষকদের ম্যানেজ করতে না পারায় একটু সমস্যা হয়েছিল। পরে সবার উপস্থিতিতে সার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ বলেন, কৃষকের উপস্থিতি দেখে সার ডিলার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা একটু ভয় পেয়েছিল। পরে আমরা গিয়ে বিষয়টি স্বাভাবিক পর্যায়ে এনে সুষ্টভাবে সার বিতরণ করা হয়েছে।