সেনাবাহিনী প্রধান ও কাউন্সিল অব দ্য কলেজের চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের (এএফএমসি) ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়। ১৯৯৯ সালের ২০ জুন ৫৬ জন মেডিকেল ক্যাডেটকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির মাধ্যমে এএফএমসি’র একাডেমিক যাত্রা শুরু হয়েছিল। ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের শিক্ষার মান আরও আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় এএফএমসির শিক্ষার মান আধুনিকায়ন, একাডেমিক উৎকর্ষ বৃদ্ধি, সাম্প্রতিক পেশাগত পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিশেষভাবে গুরুত্ব পায়।
কাউন্সিল সভা শেষে সেনাবাহিনী প্রধান ও চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের বিদ্যমান ক্লিনিক্যাল স্কিলস অ্যান্ড সিমুলেশন ল্যাবরেটরি পরিদর্শন করেন। তিনি ল্যাবরেটরিটি আরও আধুনিক ও সম্প্রসারিত পরিসরে স্থানান্তরের লক্ষ্যে নির্ধারিত নতুন স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আইএসপিআর