চাকরিহারা ঋণগ্রস্ত বেকারের লাশ মিলল ধানমন্ডি লেকে

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাবেদ আহামেদ (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একটি কোম্পানির বিপণন পরামর্শক ছিলেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডির ১০ নম্বর সড়কে আবেশ হোটেলের পেছনে একটি সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

জাবেদ বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় থাকতেন। মৃত্যুর খবরে তার স্ত্রী শাহানা জাবিন খান ছুটে আসেন। তিনি জানান, গত পরশু বিকেলে ধানম-ি যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন জাবেদ। এরপর আর বাসায় ফেরেননি। পরিবার ভাটারা থানায় নিখোঁজের ডায়েরি করেন। জাভেদ আহমেদ একটি কোম্পানির মার্কেটিংয়ে চাকরি করলেও গত ৬ মাস ধরে চাকরি নাই। এর মধ্যে ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) এসএম আব্দুল গফুর জানান, মরদেহের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। পরে জাবেদের স্ত্রী শাহানা জাবিন খান ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। আর্থিক সংকটের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে তার মৃত্যু আত্মহত্যা, পানিতে পড়ে যাওয়া নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।