আশুলিয়ায় গত রবিবার সন্ধ্যায় এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের তৈরি পোশাক কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডারবাহী লরি ও কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকা-ে হতাহতের ঘটনায় শিল্প গ্রুপটির ৬ জন দায়িত্বশীল কর্মকর্তাকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে। ৬ কর্মকর্তা ছাড়াও মামলায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। গত সোমবার মধ্য রাতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক আবু তালেব বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রীতি গ্রুপের কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় থানার উপ-পরিদর্শক আবু তালেব বাদী হয়ে অপরাধজনক নরহত্যা মামলা দায়ের করেছেন। মামলায় প্রিটি গ্রুপের দায়িত্বশীল ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
তবে এই মামলায় প্রিটি গ্রুপের কোন ৬ কর্মকর্তাকে আসামি করা হয়েছে সেটি প্রকাশ করেনি পুলিশ।
নিহত বেড়ে ৯ : এদিকে সাভারের আশুলিয়ায় প্রীটি গ্রুপের ‘এস সুহী ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ চত্বরে সিলিন্ডারবাহী গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকা-ে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম নূর ইসলাম (৪০)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুরে মারা যান তিনি। তার মৃত্যুসহ এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জন মারা গেছেন।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হারুনুর রশীদ জানান, নূর ইসলামের শ্বাসনালিসহ শরীরে ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। মঙ্গলবার দুপুরে সেখানে তিনি মারা যান।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। আহতদের মধ্যে পরিবহন শ্রমিক, পথচারী, আনসার সদস্য রয়েছেন। তাদের মধ্যে এখনো দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন দুটি তদন্ত কমিটি করেছে।