মিলন বাজার সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মাদক ও চিকিৎসা সামগ্রী আটক

হাতিবান্ধা উপজেলার মিলন বাজার সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ, ইনজেকশন ও সিরিঞ্জ আটক করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। বুধবার (২৩ সেপ্টেম্বর) সিংগীমারী বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিংগীমারী বিওপির একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়।

অভিযানে সীমান্ত পিলার ৮৯২/এমপি থেকে প্রায় ১ দশমিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মিলন বাজার এলাকায় ভারতীয় এস্কাফ সিরাপ, ইনজেকশন ও সিরিঞ্জ আটক করা হয়। আটক করা মাদকদ্রব্য, ইনজেকশন ও সিরিঞ্জের সর্বমোট সিজার মূল্য ৭ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।