বিজ্ঞাপনী শুটিংয়ের সেই চোটেই ভারত সিরিজ শেষ রবীন্দ্রর

সামনে যখন ভারতের বিপক্ষে কঠিন হোম সিরিজ কড়া নাড়ছে, ঠিক তখনই মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত ঘটনায়র মাশুল গুণতে হলো রাচিন রবীন্দ্রজে। গেল সপ্তাহে একটি বাণিজ্যিক প্রচারণার শুটিং চলাকালীন ম্যাটের ওপর অদ্ভুতভাবে আছড়ে পড়ে কাঁধে মারাত্মক চোট পান এই কিউই অলরাউন্ডার। চিকিৎসকদের প্রাথমিক মূল্যায়নে বড় কোনো কাঠামোগত ক্ষতি না থাকলেও, এই ইনজুরির কারণে ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে শেষ পর্যন্ত ছিটকেই গেলেন রাচিন।

ক্রিকইনফোর এক প্রতিবেদনের সূত্রমতে, কিউই টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, পুরোপুরি সেরে উঠতে তার আনুমানিক ছয় সপ্তাহ সময় লাগবে।

আগামী ২২ অক্টোবর ক্রাইস্টচার্চে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। অভিজ্ঞ স্পিনার মিচেল স্যান্টনারের নেতৃত্বে গড়া এই দলে বড় চমক হিসেবে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার বেভন জ্যাকবস। যিনি ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং বাংলাদেশের বিপক্ষে নিজের শেষ ম্যাচে অপরাজিত ৬২ রানের একটি ইনিংস খেলেছিলেন, তাকে মিডল অর্ডার ব্যাটার হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে দীর্ঘ এক বছর পর পেস আক্রমণে ফিরেছেন অ্যাডাম মিলনে। মূলত আসন্ন ব্যস্ত মৌসুমের কথা মাথায় রেখে লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, জ্যাকব ডাফি, জাক ফোকস ও নাথান স্মিথদের নিয়ে এক বিশাল পেস বোলিং ডিপার্টমেন্ট সাজিয়েছে কিউইরা। 

দলের এই গভীরতা ও রোটেট করে খেলোয়াড় খেলানো নিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘আমাদের অগ্রাধিকার হলো ম্যাচ জেতা এবং সেরা দল মাঠে নামানো, তবে আগামী মাসের ম্যাচগুলোর ভলিউম বা কাজের চাপও আমাদের মাথায় রাখতে হবে। আমাদের প্রচুর ডেপথ রয়েছে, তাই সিরিজজুড়ে আমরা ১৬ জন স্কোয়াড সদস্যকেই ব্যবহার করার কথা ভাবব কাজের চাপ সামলাতে।’ 

এদিকে রবীন্দ্রকে স্কোয়াডে না পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করে কিউইদের প্রধান কোচ রব আরও বলেন, ‘রাচিনের জন্য আমরা সত্যিই মর্মাহত। এই গ্রীষ্মে সে আমাদের দলের হয়ে বড় ভূমিকা পালন করবে, তাই তার পুনর্বাসন প্রক্রিয়ায় কোনো ধরনের তাড়াহুড়ো না করাটাই গুরুত্বপূর্ণ, তবে আমরা আশাবাদী যে ৪ নভেম্বর থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের আগেই সে ফিট হয়ে ফিরবে।’ 

ভারতের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজের দলটিতে ফিন অ্যালেন ও টিম সাইফার্টের মতো পরিচিত মুখেরা ফিরেছেন। আসন্ন সফরে ভারত কিউইদের বিপক্ষে খেলবে পূর্নাঙ্গ সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের পর আগামী নভেম্বরে পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে তারা।

তবে গুরুত্বপূর্ণ এই সিরিজকে সামনে রেখে লড়াইয়ের চিন্তার ভিড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে পড়েছে রাচিনের ইনজুরির পেছনের অদ্ভুত ঘটনাটি। সম্প্রতি অকল্যান্ডে একটি বাণিজ্যিক প্রচারণার শুটিংয়ের সময় ডাইভ দিয়ে ক্যাচ লুফে নেওয়ার চেষ্টার সময় নিরাপত্তার জন্য পাতা ম্যাটের ওপর অদ্ভুতভাবে আছড়ে পড়েন রাচিন। আর তাতেই তার ডান কাঁধের হাড়ের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মাঠের বাইরের এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কিউই শিবিরকে বেশ বড় বিপাকেই ফেলে দিয়েছে। 

ভারতের বিপক্ষে সিরিজে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড:

মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, জাক ফোকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট ও নাথান স্মিথ।