নারায়ণগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতের পর যুবকের গলায় ফাঁস

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মূয়রীকে গলায় ছুরিকাঘাতে আহতের পর শামীম নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার চিতাশাল এলাকার এ ঘটনা ঘটে।

নিহত শামীম (৪০) শহরের চিতাশালের বাসিন্দা ও শরিয়তপুর ঘোষেরহাট গ্রামের নুরু বেপারীর ছেলে। তিনি পেশায়  ব্যাটারিচালিত অটোরিকশা চালক।

স্থানীয় ও পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে প্রায় সময় স্বামী ও স্ত্রী মধ্যে ঝগড়া হতো। বুধবার সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে শামীম স্ত্রীর গলায় ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তিনি নিজেই ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এরপর আশেপাশের লোকজন এসে আহত ময়ূরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ বাউন জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহে স্বামী স্ত্রীর মধ্যে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।