প্রাইভেটকার থেকে আড়াই মন গাঁজা উদ্ধার

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের চেকপোস্ট দেখে গাড়ি ফেলে পালিয়েছেন এক প্রাইভেটকার চালক। পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে আড়াই মণ (১০০ কেজি) গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে ঢাকাগামী লেনে পুলিশ নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি পুরোনো সিলভার রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৪-৫৭৩৬) চেকপোস্টের কিছু দূরে হঠাৎ থেমে যায় এবং চালক গাড়িটি ফেলে রেখে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটি তল্লাশি করে ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পালিয়ে যাওয়া চালককে শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।