আ’লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে-এমন দাবি করে সমাবেশে বক্তারা বলেন, এ অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

বান্দরবান পৌর বিএনপির সাবেক সভাপতি মো. নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওসমান গণি, মো. জাহাঙ্গীর আলম, মুজিবুর রশীদ ও নেজাম চৌধুরী। এছাড়া বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা বিএনপি, পৌর বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।