শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। সমাজের উন্নয়নে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও মেঘনা গ্রুপ আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সিএসআর সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাই দেশের সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশ অবারিত সম্ভাবনার দেশ। এ দেশের রয়েছে মেধাবী জনশক্তি, উর্বর ভূমি, খনিজ সম্পদ ও সুনীল সমুদ্র। এসব সম্ভাবনার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তরুণদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ বিশ্বে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারবে।
কর্মজীবনে সন্তুষ্টির গুরুত্ব তুলে ধরে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘জব স্যাটিসফ্যাকশন’ কর্মজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কাজে সন্তুষ্টি না থাকলে তা ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ভবিষ্যতে কর্মক্ষেত্রে আন্তরিকতা ও সন্তুষ্টির সঙ্গে কাজ করতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভূমিকা সম্পর্কে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা, দক্ষতা ও সামর্থ্য কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও ভূমিকা রাখতে পারেন।
তিনি আশা প্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন ভবিষ্যতেও জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সালাম এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা বক্তব্য দেন।