রেমিট্যান্সে সরাসরি বৈদেশিক মুদ্রা জমার সুযোগ

বিদেশি এক্সচেঞ্জ হাউস ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের (আইএমটিও) মাধ্যমে দেশে আসা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমা করার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এখন এসব রেমিট্যান্স প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) ও নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাবে জমা করা যাবে।

বৈদেশিক মুদ্রায় সঞ্চয়ের সুযোগ বাড়ানো এবং রেমিট্যান্স গ্রহীতাদের সুবিধা বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বুধবার একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, প্রচলিত বিধান অনুযায়ী ব্যাংকিং চ্যানেলে পাওয়া বৈদেশিক মুদ্রার অন্তর্মুখী রেমিট্যান্সের বিপরীতে পিএফসি ও এনএফসিডি হিসাবে বৈদেশিক মুদ্রা জমা করার সুযোগ রয়েছে। নতুন ব্যবস্থায় বিদেশি এক্সচেঞ্জ হাউস ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে প্রেরিত রেমিট্যান্সকেও এ সুবিধার আওতায় আনা হয়েছে।

তবে এ সুবিধা নেওয়ার ক্ষেত্রে বিদ্যমান বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বিধিমালার সব প্রযোজ্য শর্ত ও পরিপালন নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্টদের মতে, নতুন এ ব্যবস্থার ফলে প্রবাসী বাংলাদেশি ও রেমিট্যান্স গ্রহীতারা দেশে বৈদেশিক মুদ্রা সংরক্ষণের ক্ষেত্রে বাড়তি সুযোগ পাবেন। পাশাপাশি বৈধ চ্যানেলে আসা রেমিট্যান্সের একটি অংশ সরাসরি বৈদেশিক মুদ্রায় সঞ্চয় করার সুযোগ তৈরি হবে।

বিশেষ করে যেসব প্রবাসী কর্মরত দেশে নিজস্ব ব্যাংক হিসাব পরিচালনা করেন না, তারা এ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে তাদের উপার্জনের একটি অংশ বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করতে পারবেন। এর ফলে দেশে বৈদেশিক মুদ্রার আমানত বাড়ার পাশাপাশি রেমিট্যান্স ব্যবস্থাপনায় আরও নমনীয়তা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।