বাবার মৃত্যুর দেড় মাস পর বিদ্যুৎস্পৃষ্টে স্কুলশিক্ষকের মৃত্যু

কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মণিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত নাজমুল ইসলাম (২৩) ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ও মণিপুর আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক।

নাজমুলের স্বজনেরা জানান, মাত্র দেড় মাস আগে তার বাবা নজরুল ইসলাম মারা যান। এর মধ্যে পরিবারের আরেক উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে নিজ ঘরে মোবাইল ফোন চার্জে দিতে যান নাজমুল। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নাজমুলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।