সুন্দরবন ছেড়ে লোকালয়ে অজগর

খুলনার কয়রায় লোকালয়ে থেকে একটি অজগর উদ্ধার করেছে স্থানীয়রা। সম্প্রতি সাপের আনাগোনা বেড়ে যাওয়ায় তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের একটি বাড়ি থেকে স্থানীয়দের সহায়তায় অজগরটি উদ্ধার কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা।

সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করি। পরে সেটিকে নিরাপদে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সাম্প্রতিক সময়ে কয়রার বিভিন্ন লোকালয়ে একাধিকবার অজগর দেখা গেছে। কখনো বসতবাড়ির আশপাশে, আবার কখনো মুরগির ঘর বা খাবার রাখার স্থানে।  অজগরের এই ধরনের উপস্থিতি  সুন্দরবনসংলগ্ন এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।

সুন্দরবন ইকো-রিজিলিয়েন্স ইনিশিয়েটিভের প্রধান সমন্বয়ক সাংবাদিক তারিক লিটু বলেন, সুন্দরবনে খাদ্যসংকটসহ পরিবেশগত পরিবর্তনের কারণে অজগরগুলো খাবারের সন্ধানে লোকালয়ের দিকে চলে আসতে পারে। তবে এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে বৈজ্ঞানিক জরিপ করা যেতে পারে। তবে লোকালয়ে অজগর পাওয়ার ঘটনাকে সরাসরি সুন্দরবনের খাদ্যসংকটের ফল হিসেবে চিহ্নিত করতে আরও তথ্য ও গবেষণা প্রয়োজন।