বিশ্ব সংগীতের ‘নতুন রানী’ টেইলর সুইফট নতুন গান লেখা ও কণ্ঠ দেয়া নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে তার নতুন একক 'পেশেন্ট জিরো' মুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছেন ২৫ সেপ্টেম্বর থেকে গানটি সবেই দেখতে ও শুনতে পাবেন। কিন্ত এই ঘোষণার পর পরই বিতর্কের জন্ম দিয়েছেন শিল্পীর চেহারা নিয়ে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত কারসাজির কারণে প্রচারমূলক ছবিটি বিতর্ক সৃষ্টি করেছে। ছবিটিতে দেখা গেছে, গায়িকা একটি হাতাকাটা, উঁচু গলার কালো পোশাক পরেছিলেন এবং একটি দেয়ালে হেলান দিয়েছিলেন। ছবিটি পোস্ট করার পর তার কাঁধ ও বাহু আলোচনার বিষয় হয়ে ওঠে।
এক্স-এর অনেক অ্যাকাউন্টে মন্তব্য করা হয়েছে যে, শরীরের সাথে বাহুর সংযোগস্থলটি অতিরিক্ত মসৃণ করা হয়েছে, যার ফলে শরীরের রেখাগুলো অস্বাভাবিক দেখাচ্ছে। কেউ কেউ পরামর্শ দিয়েছেন যে, ত্বক থেকে শুরু করে কাঁধ এবং পোশাক পর্যন্ত ছবিটি ব্যাপকভাবে রিটাচ করা হয়েছে। অনেকে আবার ক্ষুব্ধ হয়ে প্রশ্ন তুলেছেন, টেইলরের প্রোফাইল শটটা এত বাজেভাবে এডিট করা কেন? এটা অতিরিক্ত ঝাপসা, প্রায় এআই-জেনারেটেড মনে হচ্ছে। একজন ভক্ত বলেছেন যে তিনি টেইলর সুইফটের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত, কিন্তু ব্যাপকভাবে সম্পাদিত ছবিটি তাকে অসন্তুষ্ট করেছে। অন্য একজন প্রশ্ন তুলেছেন যে, ছবির মুখটি কেন ‘টেইলর সুইফটের মতো দেখতে নয়।’
‘পেশেন্ট জিরো’ ঘোষণা করার আগে, টেইলর সুইফট তার সোশ্যাল মিডিয়া পরিচিতিতে ‘o’ অক্ষরটিকে ০ দিয়ে প্রতিস্থাপন করেন। তার ওয়েবসাইটে একটি কাউন্টডাউন ঘড়ি প্রদর্শন করে নতুন প্রজেক্টটির ঘোষণা দেওয়া হয়। মার্কিন সময় অনুযায়ী ২২ সেপ্টেম্বর বিকেলে ঘড়িটির সময় শেষ হলে, গায়িকা সিঙ্গেলটির মুক্তির তারিখ ঘোষণা করেন। টেইলর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, আমি আপনাদের সবাইকে জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আমার একেবারে নতুন সিঙ্গেল, ‘পেশেন্ট জিরো’, ২৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। আপনারা আমার ওয়েবসাইটে ২৪ ঘণ্টার জন্য এটি প্রি-অর্ডার করতে পারবেন।’